বিমানে উড়তে গেলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। তার মধ্যে রয়েছে নির্দিষ্ট মাত্রায় মালপত্র বহন করা। বিমান সংস্থা থেকে ঠিক যতটা লাগেজ নিতে বলা হয়, ততটাই নিতে হবে।
এর থেকে বেশি হলেই, আপনাকে গুণতে হবে বেশি টাকা। এবার সেই সমস্যার মধ্যে পড়লেন ৪ চিনা যুবক। তবে বেশি ভাড়া তাঁরা দিলেন না। উল্টে বিমানবন্দরে বসে নিজেদের মালপত্রের ওজন কমিয়ে ফেললেন মাত্র আধ ঘণ্টায়! খেয়ে ফেললেন ৩০ কেজি কমলালেবু।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ চিনের ইউনান প্রদেশে। মালপত্রের সঙ্গে ছিল একটি বাক্স, যাতে ছিল অনেকগুলি কমলা লেবু। সেই লেবুর ভার হয়েছিল ৩০ কেজি। এটাই ছিল তাঁদের মালপত্রের মধ্যে বাড়তি। যার জন্য বিমানে দিতে হত অতিরিক্ত ভাড়া।
বিমানবন্দরে পৌঁছে তাঁরা জানতে পারেন যে, তাঁদের ৩০০ ইউান (ভারতীয় মুদ্রায় ৩৩৮৪ টাকা) দিতে হবে। যা তাঁরা দিতে ইচ্ছুক ছিলেন না। ফলে সিদ্ধান্ত নেন লাগেজের ওজন কমানোর। ব্যাস, সঙ্গে সঙ্গে শুরু হয় একের পর এক কমলা লেবু খাওয়া। মাত্র আধ ঘণ্টায় তাঁরা খেয়ে ফেলেন ৩০ কেজি লেবু। যা দেখে সকলে অবাক হয়ে যান।
ওই যুবকদের মধ্যে একজনের নাম ওয়াং। তিনি জানান যে, পুরো লেবু শেষ করতে ২০ থেকে ৩০ মিনিট সময় লাগে। তবে পরে তাঁদের শারীরিক সমস্যা শুরু হয়। মুখে আলসার হয়ে যায় এবং কমলা লেবুর প্রতি অরুচিও। ওয়াং জানাচ্ছেন যে, আর কখনও জীবনে কমলালেবু খাবেন না।
বিমানবন্দরে কমলালেবু খাওয়ার ভিডিওটি চিনে খুবই ভাইরাল হয়েছে। অনেকে এতে বেশ মজা পেয়েছেন। অনেকে আবার বিরক্তও হয়েছেন এই ধরণের বাড়াবাড়ি ঘটনায়।
edited by Onlinenews71. Publisher: News18 Bengali

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন